জাকির হোসেন: ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসেন ফরিদ এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “জুলাইকে কখনোই ভুলে গেলে চলবে না। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। দেশের জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের পরিবারকে নিয়মিত খোঁজখবর নেওয়া এবং যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











