এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর।
মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে র্যাব-৮ এর উদ্যোগে এক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
আজ পিরোজপুরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় মাদক নির্মূল, উঠতি বয়সের কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামুন অর রশিদ, র্যাব-৮ সিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বায়ক জনাব মনিরুজ্জামান নাসিম আলী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ছায়া, কিশোর গ্যাং কালচার ও প্রযুক্তির অপব্যবহারজনিত অপরাধ থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত র্যাব বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।






