পিরোজপুর প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুর-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। সভায় বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন অপরিহার্য। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে পল্লী উন্নয়ন বোর্ড তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবি-র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও কুটির শিল্পের প্রসারে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক এবং বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। উদ্যোক্তারা বিআরডিবি-র এই সহায়তাকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।