পিরোজপুর: প্রতিনিধি,

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে লোডশেডিংয়ের চরম বিপর্যয়ে থমকে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দিন কিংবা রাত—মাত্র ২০ থেকে ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে পুরো এলাকা। এতে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে মারাত্মক স্থবিরতা নেমে এসেছে।

সরেজমিনে জানা যায়, বর্তমানে মানুষের অর্থ উপার্জন, জীবিকা নির্বাহ এবং ঋণ থেকে মুক্তির মূল মাধ্যমগুলো বিদ্যুতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে বিদ্যুতের অস্বাভাবিক গতির কারণে চরম সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

বিদ্যুতের এই সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় রিকশাচালক আলী হোসেন বলেন, "সারাদিন খাটুনির পর রাতে একটু শান্তিতে ঘুমানোর সুযোগ পাই না। সবচেয়ে বড় সমস্যা হইছে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া যায় না। গাড়ি না চললে পরদিন ঘরে খাবার জোটে না।

শিক্ষাক্ষেত্রে এই সংকটের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম জানান, "বিদ্যুৎ না থাকায় রাতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। প্রচণ্ড গরমে শিশু ও কিশোরদের শারীরিক অসুস্থতা বাড়ছে, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্ বলেন, "বিদ্যুৎ এখন মানুষের জীবনযাত্রার অন্যতম মৌলিক উপাদান। কদমতলার এই লোডশেডিং এখন আর সাধারণ কোনো সমস্যা নয়, এটি মানবিক ও সামাজিক সংকট তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে। অনতিবিলম্বে কদমতলাকে অবহেলার হাত থেকে মুক্ত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

ধর্মীয় উপাসনালয়গুলোতেও চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন জানান, অজুর পানি তোলা থেকে শুরু করে গরমের মধ্যে বয়স্ক মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে ব্যাঘাত ঘটছে। অপরদিকে স্থানীয় মন্দিরের পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সন্ধ্যার আলো না থাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার কাজ অন্ধকারে ব্যাহত হচ্ছে, যা অত্যন্ত কষ্টের।

কদমতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই জোরালো দাবি—কর্তৃপক্ষ যেন দ্রুত বিষয়টি নজরে এনে কদমতলা ইউনিয়নকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আওতায় আনে এবং স্থায়ী লোডশেডিং মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে।