মালিকুজ্জামান

জন্ম এক দিনে। পথচলা পাশাপাশি। একই ঘরে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা। একসঙ্গে এসএসসির প্রস্তুতি। সেই পথচলার শেষেও মিলল সাফল্য। এবারের এসএসসি পরীক্ষায় জমজ দুই বোন অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস দুজনেই অর্জন জিপিএ-৫ (এ+)।

যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা অঙ্কিতা ও অনুসূয়া বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঘারপাড়ার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দুজনেরই জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারজুড়ে নেমে আসে আনন্দের বন্যা।অঙ্কিতা ও অনুসূয়ার বাবা অনুকুল চন্দ্র বিশ্বাস এবং মা অঞ্জলী রাণী। ছোটবেলা থেকেই দুই বোন একসঙ্গে পড়াশোনা করে আসছে। একজন পড়াশোনায় মনোযোগী হলে অন্যজনও উৎসাহ পেত। এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময়ও তারা একে অপরের সহযোগী হিসেবে কাজ করেছে। ফলে একই সঙ্গে তাদের এই সাফল্য যেন দীর্ঘদিনের পরিশ্রমেরই প্রতিফলন।দুই মেয়ের এমন ফলাফলে আনন্দে আত্মহারা বাবা-মা। পিতা অনুকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুই মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই, তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণ করুক।

অঙ্কিতা ও অনুসূয়ার সাফল্যে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়েও আনন্দ। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুই বোন নিয়মিত পড়াশোনা করত। পরীক্ষার প্রস্তুতির সময়ও যথেষ্ট মনোযোগী ছিল। জমজ দুই বোনের একই সঙ্গে জিপিএ-৫ অর্জনে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসা ছড়িয়েছে।