পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য এবং কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটে কদমতলা বাজারে কদমতলা ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং সাধারণ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

কদমতলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস সেখের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা মোঃ রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল সেখ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ সেখ এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।

মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সম্প্রদায়ের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এর মধ্যে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব শেন এবং নারী প্রতিনিধি সুমি আক্তার। হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে আবদুস ছালাম শেখ ও হাসিব শেখ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কতটা প্রিয় ও গ্রহণযোগ্য নেতা ছিলেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবদুস ছালাম শেখ ও কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে তাঁদের বন্দি করে রাখা হয়েছে। তাঁরা দুজনই এলাকার অত্যন্ত জনপ্রিয় ও জনবান্ধব নেতা। নেতৃবৃন্দ ও এলাকাবাসী অনতিবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে আবদুস ছালাম শেখ ও হাসিব শেখের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়া না হলে আগামীতে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত মানববন্ধনে কদমতলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।