পিরোজপুর, প্রতিনিধি:
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি জেলা প্রশাসনের বিশেষ অনুদান তহবিল থেকে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া ০৩ (তিন) জন মহিলার হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রের খবর, সমাজের দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের টেকসই জীবিকায়নের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। হস্তান্তরিত এই সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন, যা তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন পিরোজপুর সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও একটি অন্তর্ভুক্তিমূলক স্বনির্ভর সমাজ গঠনে ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা এবং আত্মকর্মসংস্থানমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











