শাওন আহাম্মেদ
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের পিরোজপুর আজমের মোড় এলাকায় চলাচলের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ওই রাস্তায় নিজ অর্থায়নে রাবিস দেওয়ার উদ্যোগ নেন ৩ নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর ইসলাম। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তার সংস্কারকাজে অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটির কিছু অংশে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তি ছিল। বিশেষ করে বৃষ্টির সময় কাদা ও পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হতো। রাস্তায় রাবিস দেওয়ার ফলে স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।
চেয়ারম্যান প্রার্থী শাহিনুর ইসলাম বলেন, “আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়াতে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। তাদের দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজের অর্থায়নে রাবিস দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করব।
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমার মূল শক্তি। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চাই।
স্থানীয় কয়েকজন জানান, “রাস্তাটিতে রাবিস দেওয়ায় আমাদের চলাচলে সুবিধা হবে। ব্যক্তিগত উদ্যোগে এমন কাজ করায় আমরা তাকে ধন্যবাদ জানাই।
এলাকাবাসীর প্রত্যাশা, পিরোজপুর আজমের মোড়ের রাস্তাটির সংস্কারকাজ আরও এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যতে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হবে।
















