মাফিকুল ইসলাম,
রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে অবৈধ লটারি ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন অভিযোগে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লংমার্চ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর দেওয়া আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘পার্বতীপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে ফিরে সমাবেশে মিলিত হয়। পরে অংশগ্রহণকারীরা খোলাহাটির মেলাস্থলের উদ্দেশে লংমার্চ শুরু করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাণিজ্য মেলার আড়ালে অবৈধ লটারি, জুয়ার মতো কার্যক্রম ও অশ্লীল বিনোদনের আয়োজনের মাধ্যমে সামাজিক অবক্ষয় সৃষ্টি করা হচ্ছে। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ড তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং জনস্বার্থের পরিপন্থী।
বক্তারা অবিলম্বে অভিযোগকৃত কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিকেল ৩টার দিকে লংমার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মেলাস্থলসংলগ্ন সড়কে অবস্থান নিলে উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আন্দোলনকারীদের ভাষ্য, সন্ধ্যা ৬টার দিকে পার্বতীপুর প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে আলোচনা করেন। এ সময় পার্বতীপুর এলাকায় লটারি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে বক্তব্য জানতে খোলাহাটি মেলার আয়োজক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






