মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার বিশেষ অভিযানে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ছিনতাইকারী ও চোরাই মাল গ্রহণের অভিযোগে দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছিনতাইকারী মোঃ আয়াত খান (২৫), পিতা—মোঃ মিলু খান, সাং—মধ্যপাড়া; চোরাই মাল গ্রহণের অভিযোগে মোঃ মাসুম মিয়া (৩০), পিতা—মোঃ জবিয়াল শেখ, সাং—খামার বল্লমঝাড় এবং মোঃ রানা (২৮), পিতা—মোঃ আমিনুল ইসলাম, সাং—রিফাইতপুর। তারা সবাই গাইবান্ধা সদর থানা ও জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪, তারিখ ২২ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯২ ধারায় দায়ের করা ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মোঃ আয়াত খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আয়াত খানের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকম নামের পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দোকানের যৌথ মালিক মোঃ মাসুম মিয়া ও মোঃ রানাকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মোট ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মোট ১০টি মামলা রয়েছে।
এদিকে প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন






