মাফিকুল ইসলাম

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নেসকোর গ্রাহক হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে রোববার বিকেলে পৌর শহরের গুলপাড়ায় এ কর্মসূচি পালন করে প্রিপেইড মিটারবিরোধী পার্বতীপুর নাগরিক কমিটি।

কর্মসূচিতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

প্রিপেইড মিটারবিরোধী পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সিনিয়র সহসভাপতি কমরেড শওকত মাহমুদ, রংপুর নাগরিক কমিটির সদস্য মাহফুজ রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের মতামত না নিয়েই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। নতুন এ ব্যবস্থায় রিচার্জ, ব্যালান্স, জরুরি ব্যালান্স, মিটারের ত্রুটি ও কারিগরি সমস্যাসহ নানা কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের ওপর এতে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, দ্রুত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে আগের মিটার ব্যবস্থা ফিরিয়ে না দিলে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পৌর শহরে গণমিছিল করেন।