ফেনী প্রতিনিধি
স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৫ বছর পূর্তি উপলক্ষে ফেনীতে প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর-রশিদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক এম. জহিরুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ আলা উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দা রাজিয়া করিম, মেডিসিন বিভাগের ডাঃ মোতাহের উদ্দিন চৌধুরী সুমন, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন, নির্বাহী পরিচালক মোতাহের হোসেন সুমন পাটোয়ারী, অর্থ পরিচালক মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও পরিচালক ননী বাবু।
অনুষ্ঠানে প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারের সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
মতবিনিময় সভায় চিকিৎসক, নার্স, এফডব্লিউবি, ডিএমএফ চিকিৎসক, জেলার বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসকসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারের ১৫ বছরের পথচলা, অর্জন, বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা দিন দিন বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসাসেবার সমন্বয়ের মাধ্যমে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন।
দীর্ঘ ১৫ বছরের পথচলায় প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, পল্লী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সেবাগ্রহীতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক এম. জহিরুল হক মিলন আগামী দিনে প্যাসিফিক হেলথ কেয়ার সেন্টারকে আরও আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সেবার মান আরও বাড়াতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে।















