আলমগীর কবীর হৃদয়

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুন্নাহার কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। মর্মান্তিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার থেকে ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ির বাইরে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির ব্যবহৃত স্যান্ডেল দেখতে পান। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে পরে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

গত এক সপ্তাহ ধরে কলির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। মঙ্গলবারও পাবনা জেলা শহরে শিশুটির সহপাঠী ও স্বজনরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

নিহত শিশুর বাবা কামাল প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নিষ্পাপ মেয়েটাকে কারা এভাবে হত্যা করল? আমাদের এত বড় সর্বনাশ যারা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ডোবা থেকে বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।