পাবনার ভাঙ্গুড়ায় বিপুল পরিমাণ ইয়াবা এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক আবু হুরায়রা, যিনি স্থানীয় এক বিএনপি নেতার পুত্র। আবু হুরায়রা ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মসজিদপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির টাকা হিসেবে ৬৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক ও আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আবু হুরায়রা সক্রিয়ভাবে মাদক ব্যবসার সাথে যুক্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন ক্ষেত্রে নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আব্দুল বারিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আবু হুরায়রা তার ছেলে হলেও তিনি বাবার কথা মানেন না এবং দীর্ঘদিন ধরে পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।