বিরোধী দল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করে, গত ছয় মাসে তারা প্রকৃতপক্ষে কতটুকু সফল হয়েছে তা পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে জ্বালানি সংকটের কথা বলে লংমার্চের ডাক দেওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, এই লংমার্চের ফলে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল ব্যয় হবে, যা জাতীয় সম্পদের অপচয় এবং সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তি বয়ে আনবে। তিনি প্রশ্ন তোলেন, জ্বালানি সংকটের কথা বলে যে কর্মসূচি নেওয়া হচ্ছে, তা কি জাতীয় স্বার্থে যৌক্তিক?
বিরোধী দলের দ্বিতীয় শপথ গ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে যারা অসাংবিধানিক ও অবৈধভাবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন, আইন বিশেষজ্ঞদের মতে তাদের প্রথম শপথটিও এর ফলে অবৈধ হয়ে গেছে। তিনি আরও জানান, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও বিরোধী দল সেখানে অংশ না নিয়ে উল্টো রাজপথে নেমে জনগণের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
এর আগে দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত স্মরণসভায় যোগদানের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে রয়েছে এতিম ও হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, বিভিন্ন ইউনিয়নের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা।
অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















