রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। গত রোববার (১৩ সেপ্টেম্বর) আরজেএসসি থেকে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে (নিবন্ধন নম্বর: এস-১৫৩৪৩/২০২৬) এই নিবন্ধনটি প্রাপ্ত হয়। দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত এই পেশাজীবী সংগঠনটি এখন আইনিভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানে পরিণত হলো।

সংগঠনটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বাধ্যবাধকতার অংশ হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামটি ব্যবহৃত হলেও, সংগঠনের অনুমোদিত নথিতে থাকা বিশেষ বিধান অনুযায়ী এটি তাদের পূর্বনির্ধারিত ও বহুল পরিচিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্ট সংবাদকর্মী ও বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিবন্ধন দেশের ডিজিটাল গণমাধ্যমের সামগ্রিক বিকাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে। এর ফলে অনলাইন গণমাধ্যমের পেশাজীবীদের পেশাগত মানোন্নয়ন, তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বর্তমান সময়ের সাইবার সাংবাদিকতার বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সুসংগঠিত ও কার্যকরভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার মানদণ্ড রক্ষা এবং পেশাগত উৎকর্ষ সাধনে এই নিবন্ধন নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

নিবন্ধনের বিষয়ে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “এই নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে নিজেদের দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থ রক্ষায় এই সংগঠনটি সামনে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।”

সংগঠনের সভাপতি হাসান শরীফ এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, “এই নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি অনন্য মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর।”