এস এম সাহান
বাবার কাছে বায়না ধরে নতুন মোটরসাইকেল কেনার মাত্র তিনদিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর রাতুল সর্দারের (১৭)। একই দুর্ঘটনায় তার বন্ধু রাজু মাতুব্বর (২০)ও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) এবং পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল তার বাবার কাছে বায়না ধরে তিনদিন আগে একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। বৃহস্পতিবার সকালে নতুন মোটরসাইকেলটি নিয়ে বন্ধু রাজুকে সঙ্গে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে আসেন তিনি। তখন এক্সপ্রেসওয়েতে পেছন দিক থেকে দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।
পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক রাতুল মারা যান। অপর আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাচান হোসেন জানান, হাইওয়ে এলাকায় টহল দেওয়ার সময় তারা দুর্ঘটনার শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে রাতুলের মৃত্যু হয় এবং ঢাকায় নেওয়ার পথে রাজুও মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















