জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘যৌবনের গান’ সেমিনার-লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। নজরুলবর্ষের বিশেষ কর্মসূচি হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারটির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার (০৩ আগস্ট) বিকাল ৩টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ নজরুল কর্নারটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মো. লতিফুল ইসলাম শিবলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নজরুল-গবেষক ড. পারভীন আক্তার জেমী। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও প্রথিতযশা নজরুল-গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
এদিনের এই বিশেষ আয়োজনে বিভাগীয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ড. কল্পনা হেনা রুমি, ড. তানিয়া আক্তার এবং জনাব জুয়েনা জাহান এ্যানি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী গভীর আশা প্রকাশ করেন যে, নজরুলবর্ষ উপলক্ষে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘নজরুল কর্নার’ স্থাপনের এই অনন্য ও সৃজনশীল উদ্যোগটি খুব শীঘ্রই দেশব্যাপী ছড়িয়ে পড়বে। তাদের মতে, এর মাধ্যমে নজরুলচর্চার ক্ষেত্র আরও উন্নত ও সম্প্রসারিত হবে, যার ফলে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সরাসরি জ্ঞানতৃষ্ণা মেটানোর সুযোগ পাবেন এবং এর সুফল ভোগ করবেন। কাজী নজরুলের জীবনদর্শন, মানবিকতা এবং বিদ্রোহী চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান তরুণ সমাজ ব্যক্তিস্বাধীনতা রক্ষা ও একটি আধুনিক দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।










