টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪ নম্বর কুড়াগাছা ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে একটি কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে স্বস্তি বয়ে এনেছে। পীরগাছা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বিষ্ণনাই পাল পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করেছেন ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। গত সোমবার (৩ আগস্ট) ভোর ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ইট ও বালু দিয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদার কারণে রাস্তাটি দীর্ঘকাল ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এর ফলে স্কুলগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের কষ্টের কথা জানতে পেরে রবিউল ইসলাম নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রবিউল ইসলাম বলেন, মধুপুর ও ধনবাড়ী এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনা এবং কুড়াগাছা ইউনিয়নবাসীর প্রতি গভীর আন্তরিকতার ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম, সহসভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন যুবদল নেতা সুমন, সোলায়মান হোসেন, আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় স্থানীয় এলাকাবাসী গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা রবিউল ইসলামের এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার জোরালো আহ্বান জানান।








