এস এম সাহান
ফরিদপুরের নগরকান্দায় জে আর পরিবহনের যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী এসিআই সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং বাসটির অর্ধেক অংশ পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় বাসের যাত্রী, চালক ও হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে সংঘর্ষের পর সারবোঝাই ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।


















