নারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে শরিয়ত সম্মতভাবে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নারী সংবাদকর্মীরা সামনে বসবেন নাকি পেছনে, এ বিষয়ক একটি প্রশ্নের সূত্র ধরে তিনি 'পর্দা'র প্রসঙ্গ তোলেন। এ বিষয়ে তিনি বলেন, "নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় অনুষ্ঠান বা ইসলামপন্থি কোনো বিশেষ আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে পর্দা করে আসা উচিত। আমার কোনো বোন যদি সংবাদ সংগ্রহ করতে আসেন, তবে তিনি যেন শরিয়ত সম্মতভাবে আসেন। আমরা এতে কোনো বাধা দিচ্ছি না। যারা শরিয়ত মেনে চলেন, আমার বোনদেরও তা করা উচিত।"

এ সময় দলটির নেতা বা মহাসচিবসহ অন্যান্যদের নারীদের সঙ্গে টকশো করার প্রসঙ্গ তোলা হলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "না, এ তথ্যটি সঠিক নয়। মহাসচিব এমন কিছু করেননি। কেউ করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তা কঠোরভাবে বাধা দিয়েছি।" তিনি স্পষ্ট করে দেন যে, দলটির নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক কোনো কাজ সেখানে করা হবে না।