গত মার্চ মাসের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে তিন মাস পর সবাইকে চমকে দিয়ে এক আনন্দ সংবাদ নিয়ে হাজির হলেন তিনি। এবার শুধু নতুন করে জীবন শুরুই নয়, বরং অন্তঃসত্ত্বা হওয়ার খবরও নিশ্চিত করলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শুক্রবার (৪ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই তথ্য জানান মৌসুমী। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তার বেবিবাম্প। এই বিশেষ মুহূর্তে তার পাশে ছিলেন স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানে মৌসুমী জানান, সবাইকে একসঙ্গে সারপ্রাইজ দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজনের মাধ্যমে তার বিবাহিত জীবন ও মাতৃত্বের বিষয়টি সামনে এনেছেন।
জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি। আবদুল ওয়াদুদের সঙ্গে তার পরিচয় দীর্ঘ ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে জানান, তারা দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং চিন্তাভাবনার অনেক মিল থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, মৌসুমী হামিদ মা হতে যাচ্ছেন—শোবিজ অঙ্গনে এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন।











