সারি সারি মোটরসাইকেল, একই পোশাকে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কেউ মোটরসাইকেলের পাশে প্রস্তুত, কেউবা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন সড়কে নামার জন্য। নির্দিষ্ট কোনো একটি এলাকায় সীমাবদ্ধ না থেকে, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন প্রান্তে দ্রুত ছুটে যাচ্ছে ট্রাফিক পুলিশের বিশেষ টিমগুলো।

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশ মোট ৩ হাজার ২১টি মামলা দায়ের করেছে। এসব মামলার মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। রাজস্ব আদায়ের এই পরিমাণটি তাদের জন্য এক অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের সামনে এক দৃশ্য পরিলক্ষিত হয়। প্রায় ২৬ সদস্যের একটি মোটরসাইকেল টিম একই পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরেই তাদের দায়িত্ব দেওয়া হয় রেলগেট থেকে চান্দ আলী মোড় পর্যন্ত সড়কে যত্রতত্র দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।

ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেলার কোনো নির্দিষ্ট এলাকায় যানজট বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিম মোতায়েন করা হয়। এই মোটরসাইকেল টিমগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন, অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি নিয়মিত ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করার পাশাপাশি দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফেরাতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে পুরো জেলায় ট্রাফিক পুলিশের মোট সদস্য সংখ্যা ৭১ জন, যার মধ্যে ৪৮ জন জেলা সদরে দায়িত্ব পালন করছেন। বিশেষ প্রয়োজনে বিভিন্ন এলাকায় সদস্যদের নিয়ে আলাদা টিম গঠন করে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়।

এই বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম বলেন, "গ্রীষ্মকালের তীব্র প্রখর রোদ ও উত্তাপের মধ্যে যেখানে সাধারণ মানুষ এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারেন না, সেখানে আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করছেন। আমরা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি।"

তিনি আরও উল্লেখ করেন যে, সড়কে যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বিভিন্ন টিম সক্রিয় রয়েছে এবং নির্দিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, "পুলিশ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো পেট্রোল টিমের কার্যক্রম। তারা তাৎক্ষণিকভাবে যেকোনো বিশৃঙ্খলা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিমগুলো নিয়মিত কাজ করছে। জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব।"