নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে যোগ্য ও উপযুক্ত প্রার্থী আর হতে পারে না। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নিজের এই অনুভূতি ও অভিপ্রায় ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতার কথা বিবেচনা করলে দেখা যায়, এই পদের জন্য এর চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না। তিনি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম অতিক্রম করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়েছেন। এই দীর্ঘ পথচলায় তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন।’

গণতান্ত্রিক বাংলাদেশের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘যে আন্দোলন ও সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, যেখানে নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে, সেই লড়াইয়ের অগ্রভাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা ছিল অপরিসীম। তা আমরা সবাই জানি। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য মানুষ। আমি অত্যন্ত আনন্দিত যে, এমন একজন ব্যক্তিত্ব দেশের রাষ্ট্রপতির চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।’

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আমার মনে হয় সাধারণ জনগণ তা ভুলেই গেছে। আজকের এই নির্বাচিত সংসদে যে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হলো, সেটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। এই গণতান্ত্রিক ধারাকে আমাদের সবভাবেই অব্যাহত রাখতে হবে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করেছি, মানুষ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং অকথ্য নির্যাতনের শিকার হয়েছে, সেই ধারাকে সমুন্নত রাখা আমাদের দায়িত্ব। এই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।

নতুন রাষ্ট্রপতির প্রতি তাঁর প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের এক অনন্য আলোকবর্তিকা বা টর্চবেয়ারার হিসেবে আজ এই পদে আসীন হয়েছেন। আমাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে এবং বিগত দিনগুলোতে গণতন্ত্র রক্ষায় তাঁর যে ভূমিকা ছিল, ভবিষ্যতেও তা একইভাবে বজায় থাকবে।’

উল্লেখ্য যে, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫টি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।