স্বাস্থ্য পরীক্ষার ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।

মির্জা আব্বাসের এই বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, শারীরিক ফলোআপ চেকআপের প্রয়োজনীয়তার কারণে মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও পুত্র মির্জা ইয়াসীর আব্বাস। মালয়েশিয়ার খ্যাতনামা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ যাবতীয় চিকিৎসা প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানান সোহেল।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা গ্রহণ শেষে গত ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।