মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকূপার ভাটইবাজারে ফুলহরি ও দুধসর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় মন্ত্রী বলেন, "দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপরাধী যে যত বড় নেতাই হোক না কেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান।" জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সততা, জবাবদিহিতা এবং নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, এদিন সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এক বৃক্ষমেলার উদ্বোধন করেন মো. আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "উনি নিজেই বলেছেন যে তিনি ফিরে আসবেন। নিজে আসলে তো ভালো। তবে দেশে ফিরলে তাকে অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না, বরং আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আইন সংস্কারের বিষয়ে তিনি জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবকটিই সরকার গ্রহণ করেছে। অবশিষ্ট সংস্কারগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে 'জুলাই সনদ'-এর আলোকে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সভায় উপস্থিত ছিলেন।