হাফিজুর রহমান খান: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক বাড়িতে হাঁটুসমান পানি জমে থাকায় রান্নাঘর, শোবার ঘর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন শিশু, নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদিপশু এবং খাদ্যসামগ্রী।
স্থানীয়দের অভিযোগ, এটি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ফল নয়; দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে প্রতিবছরই এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এছাড়া চলমান সড়ক উন্নয়নকাজের কারণে অনেক স্থানে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে বলে দাবি তাদের।
ভুক্তভোগীরা জানান, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও সংকটময় মুহূর্তে জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত স্থায়ী সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ অবস্থায় এলাকাবাসী চার দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো— ১. অবিলম্বে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা। ২. আধুনিক ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা।
চলমান সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করে পানির স্বাভাবিক চলাচলের সব প্রতিবন্ধকতা দূর করা। ৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা।
স্থানীয়দের ভাষ্য, তারা করুণা বা সাময়িক আশ্বাস নয়, বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান চান। তাদের মতে, নিরাপদে বসবাস করা নাগরিকের মৌলিক অধিকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাতারবাড়ীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।






