ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় তিনি হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি। সেই মুহূর্তে হঠাৎ কেউ তার দিকে ডিম ছুঁড়ে মারে। এরপর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিট তিনি অবরুদ্ধ হয়ে থাকেন। এ ঘটনায় পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করে দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা। এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ধর ধর বলে তাড়া করছেন কয়েকজন ব্যক্তি। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ভিডিও ও ঘটনার সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাজারের মতো পবিত্র জায়গার ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।
প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা এসে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন। এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি ও তার নেতাকর্মীরা। এছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও তার ওপর হামলার ঘটনা ঘটে।
















