ফোরকান উদ্দিন রোমান,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়—সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।