বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইশরাক হোসেনের পদত্যাগ তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, মাদক সমাজদেহকে ধ্বংস করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তাই করেছেন। ওই অভিযানে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
তবে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইশরাকের কাজকে সরাসরি নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে বা কাউকে অস্ত্র দিয়ে লক্ষ্য করলে, উদ্দেশ্য ভালো হলেও অন্যরা তা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে নিতে পারে। তাঁর মতে, উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে যায় না। বিষয়টি নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাদের লক্ষ্য শুধু নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, তারা মাদক নির্মূল করতে চান। মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


















