এসএম এরশাদ আলী রাশেদ,

রাঙ্গামাটির লংগদুতে বাল্যবিবাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজ বনায়নের উপর গুরুত্বারোপ করে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল হক, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও আইন শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।

সভায় বাল্যবিবাহ, মাদক নির্মূল, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুও স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।