মো:আল-মাহফুজ শাওন
খুলনা নগরীতে দেহ থেকে বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নগরীর লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে ব্যান্ডেজ ও কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পাটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে মাদানীনগর মাদ্রাসার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাটি মার্কিন কাপড় দিয়ে প্যাচানো ছিল এবং এতে ব্যান্ডেজও ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লবণচরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে। বিষয়টি আরও নিশ্চিত ও তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো চিকিৎসাধীন ব্যক্তির অস্ত্রোপচার বা চিকিৎসার সময় পা কেটে ফেলার পর সেটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে পাটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করেছে। পরে সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিকিৎসাধীন অবস্থায় কোনো ব্যক্তির পা কেটে ফেলার পর সেটি এখানে ফেলে রাখা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা পাটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশসহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।















