কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাজারের মতো পবিত্র জায়গার ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা এসে তাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন। হামলার পর ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা হয়েছে। বিএনপি সরকারের সময় এটি তার ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও লেখেন, হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলমও। তিনি লেখেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে বলে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন সারজিস।