এম এ এহসান রিয়াজ
লক্ষ্মীপুরের কমলনগরে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, থানা ও প্রেসক্লাবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হুসাইনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে পৃথক সময়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্যের পক্ষে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, কমলনগর থানা ও প্রেসক্লাবের প্রতিনিধিদের হাতে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন।
বীথিকা বিনতে হুসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং প্রয়াত বিএনপি নেতা ও রামগতির সন্তান শফিউল বারী বাবুর সহধর্মিণী।
কমলনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদের নেতৃত্বে সাংবাদিকরা ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, কমলনগর থানার পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডা. শামসুল আলম ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা ও মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদওয়ানসহ স্থানীয় নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকদের পেশাগত ও শিক্ষাজীবনের ব্যস্ততার পাশাপাশি সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেই সংসদ সদস্য বীথিকা বিনতে হুসাইনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে।
কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ সংসদ সদস্য বীথিকা বিনতে হুসাইনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ড সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের মধ্যে ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।















