মো. আমিনুল ইসলাম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও অশোভন আচরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় এক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কাবাডি ও হ্যান্ডবল খেলায় অংশ নেয় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। খেলা চলাকালে প্রতিপক্ষ কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কিছু ছাত্রী ও তাদের অভিভাবকেরা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ওপর চড়াও হন। একপর্যায়ে হামলা ও অশোভন আচরণ করা হলে মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী আহত হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি ও শাফিমা আক্তারসহ অন্যেরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক কাউসার তালুকদার বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কোমলমতি ছাত্রীদের ওপর এমন হামলার যদি সুষ্ঠু বিচার না হয়, তবে সন্তানকে আর স্কুলে পাঠাব না।"

মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনি শঙ্কর বেপারী জানান, শিক্ষার্থীরা স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য উপজেলা একাডেমি সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"