এম এ এহসান রিয়াজ
লক্ষ্মীপুরের কমলনগরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এক দিনমজুরের বসতবাড়ির পাঁচ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মহিন হাওলাদারের বিরুদ্ধে। এ সময় বাড়িতে হামলা চালিয়ে নারী সদস্যদের মারধর এবং বসতবাড়িতে থাকা নারিকেল, সুপারি ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজ্জন মিয়াগো সমাজে ফারুক মেস্তুরীর বাড়িতে সরেজমিনে গেলে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযুক্ত মহিন হাওলাদার(৩২) উপজেলার চর কাদিরা ইউনিয়নের হাওলাদার বাড়ির মৃত মনির আহাম্মদ হাওলাদারের ছেলে। আর ভুক্তভোগী ফারুক(৬৫) কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকা থেকে এসে ১৬ শতাংশ জমি কিনে সেখানে বসতবাড়ি গড়ে তোলেন ফারুক মেস্তুরী ও তার স্ত্রী জাহানারা বেগম। সম্প্রতি পাশের চর কাদিরা ইউনিয়নের হাওলাদার বাড়ির মহিন হাওলাদার তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন।
দাবিকৃত টাকা দেওয়ার সামর্থ্য নাই জানালে মহিন হাওলাদার তাদের বসতবাড়ির পাঁচ শতক জমি নিজের বলে দাবি করেন। পরে লোকজন নিয়ে বাড়িতে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করেন। এ সময় বসতবাড়ির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়।
ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, আমাদের ১৬ শতাংশ বসতবাড়ির সব কাগজপত্র বৈধ রয়েছে। মহিন হাওলাদার অন্যায়ভাবে আমাদের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় আমাদের ওপর হামলা চালিয়ে বাগানের গাছপালা কেটে ফেলেছেন।
জাহানারা বেগমের মেয়ে শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের কোনো ভাই নেই। আমরা অসহায়। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তবে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও দখলচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন মহিন হাওলাদার। তিনি বলেন, “আমি আমার নিজের জমির গাছ কেটেছি।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, বিষয়টি নিয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















