শাফায়েত হোসেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক দলের ৩৩ নং ওয়ার্ড সভাপতি কামাল মূধা। তিনি নিজেকে একজন সাধারণ শ্রমিক ও শ্রমিকবান্ধব নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নিজের প্রার্থিতা ঘোষণায় কামাল মূধা বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন শ্রমিক হিসেবে তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি প্রথমবারের মতো কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমি একজন সাধারণ শ্রমিক। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার মধ্যে কোনো অহংকার, হিংসা বা প্রতিহিংসা নেই। আমি বিশ্বাস করি, আমরা সবাই মানুষ এবং সবাই সমান।"

নির্বাচিত হলে ৩৩ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কামাল মূধা আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, গার্মেন্টসকর্মী, বাড়ির মালিক, মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎসহ নাগরিক সেবার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমি কখনো চাঁদাবাজি বা মানুষের ওপর জুলুম-নির্যাতনের রাজনীতি করিনি। এলাকাবাসী চাইলে আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি মানুষের ভালোবাসা নিয়েই কাজ করতে চাই।

সবশেষে তিনি ৩৩ নং ওয়ার্ডবাসীর উদ্দেশে বলেন, "আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। যদি আপনাদের সেবার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ একটি নিরাপদ, সুন্দর ও উন্নত ৩৩ নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।