‎জুয়েল হোসেন

‎কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বোর্ডঘর স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত ট্রাকচালক মিরাজুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের বাসিন্দা এবং হানিফ মিয়ার ছেলে।‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে একটি ট্রাকের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎‎খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

‎‎নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।