পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কদমতলায় সামাজিক উন্নয়ন ও মানবসেবামূলক সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পিরোজপুর তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বরিশাল-এর সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

ইতিমধ্যে সংগঠনের উদ্যোগে এলাকার একাধিক স্কুল, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও হাট-বাজারে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধ ও ডেঙ্গু থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্-এর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম ও অর্থ সম্পাদক রুবাইয়া আক্তার নুপুর-এর সার্বিক সহযোগিতায় কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড গতিশীলতার সাথে এগিয়ে চলছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নানা জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছে। বাৎসরিক মাহফিল আয়োজন, সদস্যদের স্বেচ্ছা অনুদানে অসহায় মানুষের সহায়তায় ফান্ড পরিচালনা, এলাকার সার্বিক উন্নয়ন ও নানাবিধ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত আবেদন জমা দেওয়া এবং সদস্যদের আপদকালীন ঋণের সুবিধা প্রদানসহ নানামুখী সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।

ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানবসেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।