জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় এক বিশেষ খতমুল কুরআন, তাহলীল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জমিরিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হিফজ ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পবিত্র কুরআন খতম ও তাহলীল পাঠ করা হয়। স্মৃতিচারণ পর্বে বক্তারা জুলাইয়ের শহীদদের অসীম সাহসিকতা, ন্যায়বোধ এবং জাতীয় চেতনায় তাঁদের অনন্য অবদানের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁদের এই আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথিতযশা লেখক ও কলামিস্ট মাওলানা জাহেদুল ইসলাম আল রাইয়ান। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করেন এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনের মূল্য বর্ণনা করেন। একইসাথে তিনি নৈতিক, মানবিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন একটি আদর্শ প্রজন্ম গঠনের অপরিহার্যতা ও গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক মাওলানা হাফেজ নজরুল ইসলাম। খতমুল কুরআন পরিচালনা করেন হিফজ বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা আজগর আলী।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাপনী দোয়ায় জুলাইয়ের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।










