জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সেলফি পরিবহনের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই পরিবহনের ছয়টি বাস আটক করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান গ্রহণ করেন এবং সেলফি পরিবহনের ছয়টি বাস আটক করে বিক্ষোভ শুরু করেন। ভুক্তভোগী শিক্ষার্থী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। বাসটি গতি কমালেও সম্পূর্ণ থামার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এর ফলে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান। আফরিন আরও জানান, ‘আমার ঠিক পেছনেই আরেকটি বাস আসছিল। সৌভাগ্যবশত সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ জানান, তারা শুনেছেন যে তাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন এবং এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের কয়েকটি বাস আটক করেছেন। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে অভিযুক্ত বাসটি এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।











