নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে টঙ্গীর বিসিক এলাকার গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন স্থানে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, সকাল থেকে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও প্রিয় নেতাদের প্রতি সংহতি জানাতে শত শত মানুষ কর্মসূচিতে উপস্থিত হন।

প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে বক্তারা অভিযোগ করেন, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

যাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়, তারা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, মো. কাজী দাউদ এবং মো. আলমগীর পাঠান।

বক্তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখার আহ্বান জানান।

সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।