যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। একই সাথে অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করার পরপরই পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা বাজার এলাকা থেকে অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই পুলিশ কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।







