দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তবে বিরোধীদলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ওই বৈঠকের আলোচনার পর বিরোধী শিবিরের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের ইস্যু এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ।








