আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগ ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রস্তুতির কথা জানান। ইশরাক বলেন, মেয়র নির্বাচনে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা তাঁর রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করে, সেক্ষেত্রে তাঁকে জয়ী করার জন্যও তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন। পদত্যাগের প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছি, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হলো, এটি চলমান থাকবে। আমার কারণে যাতে আপনার কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায় এবং আমার দল যাতে বিব্রত না হয়, সেজন্য আমি পদত্যাগ করতে চাই।