তথ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিনের পারস্পরিক ঘনিষ্ঠ এই দুই নেতা এখন একসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন, যা সরকারি যোগাযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সঙ্গে আন্দালিভ রহমান পার্থর ঘনিষ্ঠতার সূত্রপাত লন্ডনের বিবিসি-তে কাজ করার সময় থেকে। রাজনীতি এবং বয়সে আন্দালিভ রহমান পার্থ ইয়াসির খান চৌধুরীর চেয়ে সিনিয়র হলেও তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্বের সম্পর্ক। শুধু পেশাগত বা রাজনৈতিক সম্পর্কই নয়, দুই পরিবারের মধ্যেও দীর্ঘদিনের হৃদ্যতা বিদ্যমান। আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

রাজনৈতিক ঐতিহ্যের কথা বললে দেখা যায়, আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নন্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে একই আসন থেকে ইয়াসির খান চৌধুরীর চাচা খুররম খান চৌধুরীও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই আন্দালিভ রহমান পার্থর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। একটি সূত্র জানায়, শুরুতে তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। শেষ পর্যন্ত সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পর মন্ত্রিসভায় রদবদলের মাধ্যমে তাকে তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ঘনিষ্ঠ মহলের দাবি, এই দুই বন্ধু মিলে তথ্য ও গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কার আনতে এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবেন। অন্যদিকে, এর আগে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে সরিয়ে বর্তমানে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন মন্ত্রীর নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছি। আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। আশা করি, তথ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারব।’