ভারতের ভিসা প্রত্যাশীদের দালালদের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

হাইকমিশনের বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, অনেক দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ পাওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের প্রলুব্ধ করে। এসব প্রলোভনে বিশ্বাস করলে আবেদনকারী অর্থ হারানোর পাশাপাশি ভিসা আবেদন এবং মূল্যবান সময়ের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় নথিপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে।

বিশেষ করে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে। স্বচ্ছ ও সঠিক প্রক্রিয়ায় আবেদন করার মাধ্যমেই ভিসা প্রাপ্তি সহজ হবে বলে মনে করছে হাইকমিশন।