শেখ হাসিনাকে ভারতে রাখার বিষয়ে এখন আর কোনো কূটনৈতিক লাভ-ক্ষতির প্রশ্ন নেই; সম্ভবত ভারত সরকার এখন তাকে সেখানে রাখতে আগ্রহী নয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার যে কথা শোনা যাচ্ছে, তা কোনোভাবেই নির্ভরযোগ্য ঘোষণা বলে মনে হয় না। বরং বর্তমান প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে ভারত সরকারের সঙ্গে যোগসাজশে সরকারকে এক ধরনের বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল যে, তিনি যেন ভারত থেকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করেন। বর্তমান সরকারও ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে একই কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছে।

তিনি আরও সতর্ক করে বলেন, এসব অনুরোধের পরও যদি তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন, তবে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে, ভারতের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে।