মাদক পাচারের নিত্যনতুন কৌশলের কথা সামনে এসেছে কক্সবাজারের রামুতে ডিএনসির এক অভিযানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ এড়ানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ধরা পড়ল মাদক পাচারকারী চক্র। ওই গাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায়। ডিএনসির একটি বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার বাসিন্দা উর্মি আক্তার ঊষা (১৯)।
ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, পর্যটকদের ছদ্মবেশে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রামু রাবার বাগান এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছিল। তল্লাশির সময় ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বর একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতরে অত্যন্ত কৌশলে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা পাওয়া যায়। প্রতিটি পোটলায় ১০টি করে জিপার লক পলিপ্যাকেট ছিল এবং প্রতি প্যাকেটে ২০০টি করে মোট ৬ হাজার অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তদন্তে দেখা গেছে, নজরদারি এড়াতে গাড়িটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মিরপুর ডিওএইচএস-এর স্টিকার লাগানো ছিল। অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও ডিএনসির হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। উপপরিচালক সোমেন মণ্ডল আরও উল্লেখ করেন যে, বর্তমানে পর্যটনের আড়ালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে পাচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেক পাচারকারী এখন মোটরসাইকেল বহর কিংবা ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ব্যবহার করে ইয়াবা পরিবহন করছে। এই ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।











