সরকারকে মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে বরং জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র এক সমাবেশে তিনি এই দাবি জানান। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত।
এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্যসচিব ফিরোজ আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি। এছাড়া এনসিপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য প্রদান করেন।
সন্ধার পর সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রীরা শেষ পর্যন্ত সমাবেশস্থলে এসে মিলিত হন।











